Monday, January 15, 2024

সলিড-ফুয়েল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

 

উত্তর কোরিয়া গতকাল রোববার মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায়ছবি: রয়টার্স

উত্তর কোরিয়া নতুন সলিড-জ্বালানিচালিত একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ সোমবার জানায়, গতকাল রোববার মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়।

উত্তর কোরিয়ার এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র।

কেসিএনএর খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার উদ্দেশ্য ছিল নতুন এই অস্ত্রের নির্ভরযোগ্যতা যাচাই করা। এই পরীক্ষা প্রতিবেশী দেশগুলোর জন্য কোনো নিরাপত্তা হুমকি সৃষ্টি করেনি।

আরও পড়ুন

ক্ষেপণাস্ত্রের ‘কঠিন জ্বালানি’ যেভাবে তৈরি করছে উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে এই পরীক্ষার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, উত্তর কোরিয়ার এই অস্ত্র পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন। উত্তর কোরিয়ার প্রত্যক্ষ উসকানি কঠোর জবাবের মাধ্যমে মোকাবিলা করা হবে।

২০২৪ সাল শুরুর পর গতকালই প্রথম কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার এই পদক্ষেপ নিয়ে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের পরমাণুবিষয়ক দূতেরা নিজেদের মধ্যে ফোনে কথা বলেছেন। তাঁরা বলেছেন, অঞ্চলটিতে অস্থিতিশীলতার মূল কারণ উত্তর কোরিয়ার উসকানি।

আরও পড়ুন

Sunday, January 14, 2024

আইন পেশায় ফিরলেন সদ্য সাবেক তিন মন্ত্রী–প্রতিম

 






সদ্য সাবেক তিন মন্ত্রী–প্রতিমন্ত্রী আইন পেশায় ফিরেছেন। তাঁরা হলেন সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম (সুজন), সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

নতুন সরকারের মন্ত্রীদের প্রথম কর্মদিবস ছিল আজ রোববার। এদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আসেন সদ্য সাবেক এই তিন মন্ত্রী। সুপ্রিম কোর্টে অবস্থিত চেম্বারে একসঙ্গে বসে সময় কাটান তাঁরা। বিকেলে নিজেদের চেম্বারেও (সমিতি ভবনের বাইরে ব্যক্তিগত চেম্বার) বসেন।

আইন পেশায় ফেরা প্রসঙ্গে শ ম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘৩৬ বছর ধরে এই পেশায় আছি। আদালত অঙ্গনে ফিরে এসে আনন্দিত ও উচ্ছ্বসিত। সহকর্মীদের নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার যাত্রা ফের শুরু করলাম। নিজের চেম্বারে বসছি। নিয়মিত কোর্টে আসব।’

আজ চারটি মামলার শুনানি করেছেন বলে জানালেন পিরোজপুর-১ আসনের এই সংসদ সদস্য।  

সাবেক এই তিন মন্ত্রী–প্রতিমন্ত্রী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক। তাঁদের মধ্যে নূরুল ইসলাম ও শ ম রেজাউল করিম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে হবিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হকের (ব্যারিস্টার সুমন) কাছে হেরেছেন মাহবুব আলী।

মাহবুব আলী প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রিত্বের মেয়াদ শেষে অনেককে আইন পেশায় ফিরতে দেখেছি। অনেক দিন পর প্রিয় প্রাঙ্গণে এসেছি। বন্ধু ও সহকর্মীদের সঙ্গে আড্ডা দিয়েছি, মন খুলে কথা বলেছি। খুব ভালো লেগেছে। নিজের চেম্বারে বসছি। এখন থেকে নিয়মিত কোর্টেও আসব।’

গত রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। ভোটের ফলাফলের গেজেট প্রকাশের পর গঠিত হয় নতুন মন্ত্রিসভা। গত বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভায় আগের ১৫ জন মন্ত্রী, ১৩ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী স্থান পাননি।

নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রী থাকায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটাধিকার ও আইন পেশা পরিচালনা স্থগিত ছিল। এটি  নিয়মিতকরণ করা হয়েছে। নিজের চেম্বারেও (হাতিরপুলে অবস্থিত) বসছি। এখন থেকে নিয়মিত কোর্টেও যাব।’

ইতিহাসের এই দিনে: সিংহাসনে বসেন রানি প্রথম

 


রানি প্রথম এলিজাবেথের প্রতিকৃতির সামনে একজন দর্শণার্থীছবি: রয়টার্স

ব্রিটেনের রানি প্রথম এলিজাবেথ। ১৫৫৯ সালের ১৫ জানুয়ারি তিনি সিংহাসনে বসেছিলেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ২৫ বছর। এরপর টানা ৪৫ বছর ধরে তিনি ক্ষমতায় ছিলেন। শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের ক্ষেত্রে তাঁর শাসনামলকে স্বর্ণযুগ বিবেচনা করা হয়।

প্রাচীন পাণ্ডুলিপি উদ্ধার

সময়টা ১৯৬২ সালের ১৫ জানুয়ারি। গ্রিসে প্রাচীন প্যাপিরাসের সন্ধান পাওয়া যায়। পরে পরীক্ষা করে জানা যায়, এটা ৩৪০ খ্রিষ্টপূর্বাব্দের। ইউরোপে সন্ধান পাওয়া সবচেয়ে পুরোনো পাণ্ডুলিপি এটি।

হাডসন নদীতে উড়োজাহাজ অবতরণ

হাডসন নদীতে যাত্রীবাহী সেই উড়োজাহাজ
ছবি: এপি

২০০৯ সালের ১৫ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের হাডসন নদীতে জরুরি অবতরণ করে ইউএস এয়ারওয়েজের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। পরে বৈমানিক চেসলি সুলেনবার্গার উড়োজাহাজটিকে নদীতে জরুরি অবতরণ করাতে সক্ষম হন। এতে বেঁচে যায় ১৫৫ আরোহীর প্রাণ।

মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ অধিকারকর্মী মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন আজ ১৫ জানুয়ারি। ১৯২৯ সালের এ দিনে জন্ম নিয়েছিলেন তিনি। মার্কিন নাগরিক অধিকার আন্দোলনে অসামান্য অবদানের জন্য তাঁকে শান্তিতে নোবেল পুরস্কারের ভূষিত করা হয়েছিল

ডলার বন্ডের সুদহার বাড়ানো হয়েছে

 

ডলারফাইল ছবি: রয়টার্স

ইউএস ডলার প্রিমিয়াম ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের সুদহার বাড়ানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে আজ এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্যানুসারে, ইউএস ডলার প্রিমিয়ার বন্ডের সুদহার যেভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে, তা নিম্নরূপ—১ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগে প্রথম বছরান্তে ৬ দশমিক ৫০ শতাংশ, দ্বিতীয় বছরান্তে ৭ ও তৃতীয় বছরান্তে ৭ দশমিক ৫০ শতাংশ। ১ লাখ ১ ডলার থেকে ৫ লাখ ডলার পর্যন্ত প্রথম বছরান্তে ৫ শতাংশ, দ্বিতীয় বছরান্তে ৫ দশমিক ৫০ শতাংশ ও তৃতীয় বছরান্তে ৬ শতাংশ। এরপর ৫ লাখ ১ ডলার থেকে তদূর্ধ্ব বিনিয়োগের ক্ষেত্রে প্রথম বছরান্তে ৪ শতাংশ, দ্বিতীয় বছরান্তে ৪ দশমিক ৫০ শতাংশ ও তৃতীয় বছরান্তে ৫ শতাংশ সুদ নির্ধারণ করা হয়েছে।

ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের সুদহার হবে এমন—১ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগে প্রথম বছরান্তে ৫ দশমিক ৫০ শতাংশ, দ্বিতীয় বছরান্তে ৬ শতাংশ ও তৃতীয় বছরান্তে ৬ দশমিক ৫০ শতাংশ সুদ পুনর্নির্ধারণ করা হয়েছে। ১ লাখ ১ ডলার থেকে ৫ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগে প্রথম বছরান্তে ৪ শতাংশ, দ্বিতীয় বছরান্তে ৪ দশমিক ৫০ শতাংশ ও তৃতীয় বছরান্তে ৫ শতাংশ সুদ পুনর্নির্ধারণ করা হয়েছে। এরপর ৫ লাখ ডলার থেকে তদূর্ধ্ব বিনিয়োগের ক্ষেত্রে প্রথম বছরান্তে ৩ শতাংশ, দ্বিতীয় বছরান্তে ৩ দশমিক ৫০ শতাংশ ও তৃতীয় বছরান্তে ৪ শতাংশ সুদ পুনর্নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে, যেমন নতুন স্ল্যাবভিত্তিক মুনাফা প্রদানের ক্ষেত্রে বর্ণিত স্কিম দুটির আগের বিনিয়োগের সঙ্গে একত্র করে মোট বিনিয়োগ নির্ধারণ করা হবে। নতুন স্ল্যাব নির্ধারণের আগে ইস্যুকৃত সঞ্চয় স্কিম দুটির মুনাফার হার ক্রয়কাল হারে প্রযোজ্য হবে; বর্ণিত স্কিম দুটির বিনিয়োগের পরিমাণ অন্যান্য সঞ্চয় স্কিম থেকে আলাদা হিসাবায়ন হবে এবং স্কিম দুটির লেনদেনসংক্রান্ত সব রিপোর্ট-রিটার্ন মার্কিন ডলারের পাশাপাশি বাংলাদেশি মুদ্রায় পাওয়ার ব্যবস্থা থাকবে।

একসময় প্রবাসী বন্ডে বিনিয়োগের ঊর্ধ্বসীমা ছিল না। তবে ২০২০ সালের ৩ ডিসেম্বর এক নির্দেশনার মাধ্যমে তিন ধরনের বন্ড মিলে সমন্বিত বিনিয়োগের সীমা নির্ধারণ করা হয় এক কোটি টাকা। পরে গত বছর সব ধরনের বন্ডে সুদহার কমানো হয়, যদিও একই নির্দেশনায় ইউএস ডলার প্রিমিয়াম ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করা হয়। তবে সুদহার বিশ্বের অনেক দেশের তুলনায় কম ছিল বলে এসব বন্ড বিক্রি কমে গিয়েছিল। এরপর আজ রোববার তা আবার বাড়ানো হলো।


নির্বাচন নিয়ে নানা ধরনের চাপ ছিল: পররাষ্ট্রমন্ত্রী

 

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায়ছবি: প্রথম আলো

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে নানা ধরনের চাপ ছিল। নানা চাপ উতরে নির্বাচন হয়ে গেছে।

আজ রোববার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী তাঁর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর হাছান মাহমুদ আজ প্রথম তাঁর দপ্তরে আসেন। তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

আওয়ামী লীগ সরকারের সামনে চ্যালেঞ্জ ও চাপ নিয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘বিভিন্ন দেশের নানা পারসেপশন (ধারণা), ন্যারেটিভ (পটভূমি) থাকে। কিন্তু দিন শেষে সবাই একসঙ্গে কাজ করব, এটাই হচ্ছে মূল বিষয়। সবাই আমাদের উন্নয়ন সহযোগী। সবাইকে সঙ্গে নিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। তবে আমরা সবার সঙ্গে বন্ধুত্বের পাশাপাশি বিভিন্ন দেশের কনসার্নগুলোকে (উদ্বেগ) মূল্য দেব।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো চাপ অনুভব করছি না। নির্বাচন নিয়ে বহু চাপ, গভীর চাপ, মধ্যম চাপ—নানা ধরনের চাপ ছিল। নানা চাপ উতরে নির্বাচন হয়ে গেছে। সুতরাং আমরা কারও কোনো চাপ কখনো অনুভব করি না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁরা পূর্ব-পশ্চিম সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যেতে চান। গত ৫২ বছরে দেশের যে অর্জন, তাতে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা ছিল।


পোশাক খাতকে উতরিয়ে পাটকে প্রধান রপ্তানি পণ্য করা হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

 

মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম সচিবালয়ে এলে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়ছবি: প্রথম আলো

দেশের প্রধান রপ্তানিকারক শিল্প পোশাক খাতকে উতরে পাটকে ১ নম্বর রপ্তানি পণ্য হিসেবে ওঠানোর প্রতিশ্রুতি দিলেন নতুন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আজ রোববার প্রথম সচিবালয়ে এসে এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফসহ অন্যরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
নানক বলেন, এর আগেও তিনি মন্ত্রিসভায় ছিলেন। ২০০৮ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলান। এবার নতুন যাত্রা। নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব।

জাহাঙ্গীর কবির নানক বলেন, এখানে মাঠের মানুষের সঙ্গে যোগাযোগ হবে। কৃষকের সঙ্গে যোগাযোগ হবে। তিনি বলেন, পাট উৎপাদনকারীদের সঙ্গে যোগাযোগ হবে। পাট উৎপাদনে উৎসাহিত করা হবে।

চলমান কাজ এগিয়ে নেওয়া হবে: সিমিন হোসেন রিমি

নতুন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেন, যেসব কাজ চলমান আছে, সেগুলো এগিয়ে নিতে কাজ করবেন তিনি। সিমিন হোসেন বলেন, আগেও নারী ও শিশু নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সে অভিজ্ঞতা কাজে লাগাবেন তিনি।

আজ সচিবালয়ে নিজের দপ্তরে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন সিমিন হোসেন।


চোখের ডাক্তার দেখাতে আজ লন্ডন যাচ্ছেন সাকিব

 

বেশ কিছু দিন ধরে চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসানশামসুল হক

চোখের চিকিৎসক দেখাতে আজ লন্ডন যাচ্ছেন সাকিব আল হাসান। বিপিএল শুরুর আগেই তাঁর ফিরে আসার কথা। বিসিবির মেডিকেল বিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

লন্ডনের বিমান ধরার আগে আজ সাকিব তাঁর বিপিএলের দল রংপুর রাইডার্সের সঙ্গে অনুশীলন করেছেন। সেখানে সাকিবকে চশমা পরে ব্যাটিং করতে দেখা গেছে।

গত অক্টোবর-নভেম্বরে ভারতে হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপেও চোখের সমস্যা ভুগিয়েছে সাকিবকে। স্নায়ুর চাপের কারণে চোখের রেটিনার সমস্যা হচ্ছিল সাকিবের। এর জন্য ব্যাটিংয়ের সময় সাকিবের সমস্যা হচ্ছিল।

এ নিয়ে বিশ্বকাপের সময় দুই দফা ভারতে চিকিৎসক দেখিয়েছেন সাকিব। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে গিয়েও চোখের চিকিৎসক দেখিয়েছেন। জানা গেছে, এবারের বিপিএলের আগে আবার নতুন করে একই সমস্যায় পড়েছেন তিনি। এর মধ্যে ঢাকায় দুজন চক্ষু বিশেষজ্ঞ দেখিয়েছেন। চিকিৎসাও চলছে তাঁর। তবে সমস্যার সমাধান হচ্ছে না। সে জন্যই সাকিবকে দেশের বাইরে যেতে হচ্ছে।